
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সারওয়ার আলম এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। তার নেতৃত্বে পরিচালিত অসংখ্য অভিযানে রাজধানীজুড়ে ভেজাল খাদ্য, নকল ওষুধ এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রশাসন ক্যাডারের ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সারওয়ার আলম ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



































