বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ আগস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শেয়ার

আন্দোলনের জেরে এনবিআরের আরো ৫ কর্মকর্তা বরখাস্ত


NBRআন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ মে ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’-এর বিরোধিতা করে এনবিআর, কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মচারীরা আন্দোলন শুরু করলে ওই পাঁচ কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটান। একই সঙ্গে তারা কর্মচারীদের কাজ ফেলে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মতো সংগঠকের ভূমিকা পালন করেন। এতে দেশের রাজস্ব আহরণ ব্যাহত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-০৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান এবং দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।