সরকারি কর্মচারীদের চিকিৎসা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন অনুদান বাড়ানো হয়েছে। কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদানও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া যৌথ বীমার এককালীন অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্যে থেকেই এসব ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান প্রদান করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।



































