
আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। তথ্যমতে, আগস্ট মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার।
গত বছরের একই সময়ে প্রতিদিন গড়ে এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। তবে গত মাস জুলাইয়ে প্রতিদিনের প্রবাসী আয় ছিল ৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, কিন্তু জুলাইয়ের তুলনায় সামান্য কমেছে।
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

































