
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পুরো অক্টোবরজুড়ে চলবে এই সংলাপ। এতে পর্যায়ক্রমে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে কমিশন। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে অনুষ্ঠিত হবে সংলাপ।
জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপে বসবে ইসি।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের আদেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। এগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।
অন্যদিকে আদালতের নির্দেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
ইসি ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।









































