বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ অক্টোবর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড


Gold

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে দেশে। নতুন করে ভরিপ্রতি ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে। বুধবার (৮ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি বিবেচনায় দেশীয় বাজারে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রির সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংগঠন-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর মাত্র একদিন আগেই, সোমবার (৬ অক্টোবর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ দাম ছিল।

এ নিয়ে চলতি বছরে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

শুধু স্বর্ণ নয়, রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভরিপ্রতি ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।