
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অনুমতি ছাড়া বাইরে আসায় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের (কমিউনিটি নেতা) কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশু রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক হওয়া সবাইকে নির্ধারিত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, “প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক, মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। তবুও কেউ চিকিৎসার জন্য, কেউ দিনমজুরি করতে বা মাছ ধরতে বের হন। এ সময় বিজিবি তাদের আটক করে এবং আমাদের কাছে হস্তান্তর করে।”
বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “কাজের উদ্দেশ্যে বাইরে আসা রোহিঙ্গাদের আটক করা হয়েছে এবং তাদের ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান চালাচ্ছে।”






































