মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ অক্টোবর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি


shahjalal-airport

ফাইল ছবি

যুক্তরাজ্য, বেলজিয়াম ও জার্মানির গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পরিপ্রেক্ষিতে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরে দেশের সব বিমানবন্দরের প্রধান ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ১০ দফা বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এর অংশ হিসেবে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা অজানা লিংকে ক্লিক না করা, অপারেটিং সিস্টেম ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনা ঘটে। এরপর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়। সেই প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এ ছাড়া বেবিচকের সাইবার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও বর্তমানে বিবেচনাধীন রয়েছে।