রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
শেয়ার

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ


Khaleda and Tarique

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন।

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহাবুবুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়ন উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যেকোনো সময় নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত।