
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ফাইল ছবি
দেশে ফেরার একদিন পরেই অর্থাৎ ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (২২ ডিসেম্বর) এই তত্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে দেশের বাইরে থাকায় তিনি এখনো ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন তারেক রহমান। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চলছে প্রস্তুতি। তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও।







































