
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিএনপির প্রতি ক্ষোভ ও আবেগ থেকেই তিনি কুমিল্লা-৬ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে বিষয়টি ভুল সিদ্ধান্ত ছিল উল্লেখ করে তিনি মনোনয়ন জমা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাক্কু অভিযোগ করেন, বিগত দুটি সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন তার শ্যালককে প্রার্থী করে ভোটের ক্ষতি করেছেন। এতে তাঁর ৭০-৮০ হাজার ভোট নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। এ ক্ষোভ থেকেই মনোনয়ন কেনা হলেও এখন তা জমা না দিয়ে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করার ঘোষণা দেন সাবেক মেয়র।
তিনি বলেন, কুমিল্লা-৬ আসনে প্রার্থী পরিবর্তন হয়ে যদি হাজী ইয়াছিন মনোনয়ন পান, তবে তিনি স্বতন্ত্রভাবে লড়াইয়ে নামবেন। এছাড়া দলের অভ্যন্তরীণ বিরোধ, হাজী ইয়াছিনের সাংগঠনিক ব্যর্থতা ও প্রভাব বিস্তারের অভিযোগও তুলে ধরেন সাক্কু।
২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সাক্কুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।







































