
প্রতীকী ছবি
মেক্সিকো সিটিতে বকেয়া বেতনের দাবিতে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন বন্ধ করে দিয়েছেন এক পাইলট। শুক্রবার তিনি ককপিটে বসে ঘোষণা দেন, বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত ফ্লাইট চালাবেন না।
স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, “ওরা আমাদের যা পাওনা আছে, তা না দেওয়া পর্যন্ত এই বিমান উড়বে না।” তবে বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
পাইলট জানান, তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাকে পাঁচ মাসের বেতন ও ভ্রমণ ব্যয় পরিশোধ করেনি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আপনাদের সঙ্গে এমন হওয়া উচিত নয়। আমি প্রায় তিন বছর ধরে এই এয়ারলাইনে কাজ করছি, কখনো কোনো ফ্লাইট অসম্পূর্ণ রাখিনি।”
মেক্সিকো সিটির বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কানকুনগামী ফ্লাইটে ঘটে যাওয়া এই ‘ঘটনা’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত করছে।
পরে পাইলটকে আটক করা হয় এবং বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।











































