
ভারতের নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তাকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানানো হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসিক এলাকার বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কূটনৈতিক মিশনের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন শুধু সংশ্লিষ্ট কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তি ও সহনশীলতার মৌলিক মূল্যবোধেরও পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত সরকার কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেবে।





































