
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং মানুষের জান-মালের নিরাপত্তাসহ একাধিক দাবিতে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, ‘আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এটি সম্ভাব্য তারিখ ও স্থান। মূলত হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।’
জামায়াতে ইসলামীর একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিভিন্ন স্থানে মব সৃষ্টি ও সহিংসতার ঘটনা বাড়ছে। পাশাপাশি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও তারা অভিযোগ করেন। এছাড়া শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব পরিস্থিতির প্রেক্ষিতে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীতে একটি বড় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








































