
বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০২) ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি
দেশে ফেরার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০২) ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এর আগে রাত ৮টা ০৫ মিনিটে সপরিবারে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে স্মরণকালের বৃহত্তম সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান, সেখানেই তাকে দেওয়া হবে ঐতিহাসিক সংবর্ধনা।
প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান—এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তার প্রত্যাবর্তন উপলক্ষে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।





































