
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মন পড়ে আছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের পাশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে তিনি বলেন, সন্তান হিসেবে এটাই তাঁর একান্ত প্রত্যাশা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি সরাসরি তাঁর মায়ের কাছে যাওয়ার কথা থাকলেও, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে আগে এখানে উপস্থিত হয়েছেন। “যে মানুষটি এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। তার সঙ্গে বিগত বছরগুলোতে কী ঘটেছে সবই আপনারা জানেন। তাঁর জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, নিরাপদ ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে হলে সব শ্রেণি, পেশা ও ধর্মের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, নানা ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে।
তারেক রহমান তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই যাবে। দেশের জাতীয় নেতৃবৃন্দ একসঙ্গে কাজ করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান বলেও উল্লেখ করেন তিনি।
বিগত ১৫ বছরের শাসনামলে আন্দোলন-সংগ্রামে বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন—এ কথা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণরা আত্মত্যাগ করেছে। সাম্প্রতিক সময়ে ওসমান হাদির মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ন্যায়ভিত্তিক ও প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণের বিকল্প নেই।




































