সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ডিসেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
শেয়ার

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি


Security

ছবি: বাসস

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত ব্যানার ও পোস্টারে এলাকা সাজানো হয়েছে। নিরাপত্তা জোরদার করতে কয়েক স্তরের বলয় তৈরি করা হয়েছে এবং স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, “আমরা নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।” সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু জানিয়েছেন, সকাল থেকেই পুরো এলাকা পরিষ্কার করা হচ্ছে। ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “সহস্রাধিক সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রয়েছে।”

সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হচ্ছেন। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।