
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত যাপনের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




































