সোমবার । মার্চ ২৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
শেয়ার

গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন


Gulistan Fire

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ভবনটির অষ্টম তলার ছাদে থাকা একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই, বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ছয়টি ইউনিট কাজ করছে।

ভবনের ওপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগুন থেকে উৎপন্ন ঘন কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও আশপাশের গুলিস্তান এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় প্রাথমিক পর্যায়ে পানির উৎস পেতে কিছুটা জটিলতা দেখা দেয়। তবে সব প্রতিকূলতার মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।