
সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার সময় তিনি হাদির কবর জিয়ারত করেন। তারেক রহমান প্রথমে হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর দোয়া ও মোনাজাত করেন।
বেলা সোয়া এগারোটার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। এসময় ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাকে স্বাগত জানান।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা এবং দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে রওয়ানা হয়েছেন তারেক রহমান। এরপর তার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।




































