
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ|| ফাইল ছবি
ঢাকার নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় এ শোক জানিয়েছে দূতাবাস।
ফিলিস্তিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ফিলিস্তিন দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। গভীর শ্রদ্ধার সাথে আমরা তার সাহস, ফিলিস্তিনি স্বার্থে তার অটল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অর্জনের সংগ্রামে তার অবিচল সমর্থনকে স্মরণ করছি, যা আমাদের জনগণের স্মৃতিতে অম্লান থাকবেন।
দূতাবাস জানায়, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।




































