সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন ও গণভোটের কারণে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা স্থগিত


Estema

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে পূর্বনির্ধারিত সকল সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আগামী বিশ্ব ইজতেমা না করার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। তবে দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রস্তুতির স্বার্থে এবং নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে উল্লেখিত সময়সূচিতে টঙ্গী ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।