সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার

মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তিলাওয়াত


Tarek Zia

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর পরিবেশে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছে। বাসাটি তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সকাল ৯টা ১৭ মিনিটের দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং গাড়িতে করে মরদেহ সেখানে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে স্বজন নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

মায়ের মরদেহের পাশে বসে অত্যন্ত শোকাতুর অবস্থায় পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। আজ সকাল ১০টা ২৯ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিওতে এই আবেগঘন দৃশ্য দেখা যায়। এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই আপসহীন নেত্রী। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি দীর্ঘ এক মাস জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। দেশিবিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে পাড়ি জমান।

বেগম জিয়ার জানাজা দাফন ঘিরে রাজধানীজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানাজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ, এভারকেয়ার হাসপাতাল জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।