সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শেয়ার

জানাজার জন্য খুলে দেওয়া হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা


South Plaza

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইতোমধ্যে লাখো মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজপথে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেলে জনস্রোত সামলাতে এবং জানাজা সহজতর করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয় কর্তৃপক্ষ।

সকাল সোয়া ১০টার দিকে দক্ষিণ প্লাজার গেট খুলে দেওয়ার সাথে সাথে লাখো জনতা সেখানে প্রবেশ করেন। জানাজার সুবিধার্থে দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দাফন কার্যক্রমে মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ তাঁর বড় ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়। সেখানে মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের একটি আবেগঘন ভিডিও দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জানাজা ও দাফন প্রক্রিয়া সুশৃঙ্খল রাখতে মানিক মিয়া অ্যাভিনিউ, এভারকেয়ার হাসপাতাল ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে এই কিংবদন্তি নেত্রী ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পুরো দেশে শোকের আবহাওয়া বিরাজ করছে এবং আন্তর্জাতিক প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন। অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রস্তুতির কারণে আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা ও খুরুজের জোড় স্থগিত ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।