সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
শেয়ার

জানুয়ারির মাঝামাঝি জমা হতে পারে পে-স্কেলের সুপারিশ


Bangladesh-Government

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের প্রত্যাশা থাকলেও চলতি বছরে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ জমা পড়েনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সুপারিশ জমা হবে কি না- এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে জাতীয় বেতন কমিশনের একটি সূত্র জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। এ বিষয়ে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

জানা গেছে, গত ১৪ আগস্ট নবম পে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার সময় থাকলেও নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় কমিশন জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে।

কমিশন সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে অন্তত আরও দুটি পূর্ণ কমিশনের সভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূর্ণ কমিশনের এসব সভা শেষে সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে।