
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা একে একে ফুল দিয়ে সম্মান জানান।
এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার কাছে তার মায়ের জন্য দোয়া চান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।





































