
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের আগমনি বার্তা মানুষকে উদ্বেলিত করে এবং অতীতের গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নতুন বছরে সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবে। সম্মিলিত প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই হবে লক্ষ্য।
বাণীতে মুহাম্মদ ইউনূস আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মাধ্যমে তা পূর্ণতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে- নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।




































