
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাঁর মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর মায়ের মতোই ধৈর্য ও গুণের অধিকারী হয়েছেন, যা দলকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়ার অধীনে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে লুৎফুজ্জামান বাবর বলেন, “দেশনেত্রীর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আমার হয়েছিল। তখন দেশে সন্ত্রাস দমনের জন্য তিনি নিজেই ‘র্যাব’ গঠনের উদ্যোগ নিতে বলেছিলেন। তবে বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বাহিনীটিকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেনি, তাদের মূল লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা।
ব্যক্তিগত উদ্যোগে প্রিয় নেত্রীর শেষ শয্যায় শ্রদ্ধা জানাতে আসা বাবর তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে বলেন, “মায়ের মতো সব গুণ তারেক রহমানের মধ্যেও বিদ্যমান। তাঁর আচরণ এবং ব্যক্তিত্বে বেগম জিয়ার প্রতিচ্ছবি পাওয়া যায়। দেশ ও দলকে নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা তিনি দেখাচ্ছেন, তা মূলত দেশনেত্রীর আদর্শেরই ধারাবাহিকতা।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে স্মরণকালের বিশাল জানাজা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
দাফন কার্যক্রমে অংশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কবরে প্রথম মাটি দেন। এরপর তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান। আজ সকাল থেকেই সর্বসাধারণের জন্য সমাধি উন্মুক্ত করে দেওয়ায় সেখানে শোকাতুর মানুষের ঢল নামে।




































