
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে হাইকমিশনে পৌঁছে তিনি এই বর্ষীয়ান নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ভারতের কোনো শীর্ষ নেতার হাইকমিশনে গিয়ে সরাসরি শোক বইতে স্বাক্ষর করার বিষয়টি দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হাইকমিশনে পৌঁছালে ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এরপর রাজনাথ সিং সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইতে নিজের শোকবার্তা লিপিবদ্ধ করেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হন। শোকবার্তায় তিনি বাংলাদেশের উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করেন। রাজনাথ সিং উল্লেখ করেন যে, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান ভারত সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় রাজনাথ সিং তাঁর এই সফরের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’ ভারতের শীর্ষ এই মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বেগম জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক রাজনীতিতে তাঁর গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।



































