
পদত্যাগপত্র গৃহীত হওয়ার মাত্র দুই দিন পর আবারও অধ্যাপক ড. মো. সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগের মতোই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ জন্য তাকে মন্ত্রণালয়টির নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পুনর্নিয়োগের বিষয়টি জানানো হয়।
গত বছরের নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতায় দায়িত্ব পালনের জন্য তাঁদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়।
তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। তিনি গত ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে তা গত ৩০ ডিসেম্বর গৃহীত হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসরসংক্রান্ত জটিলতা এড়ানোর উদ্দেশ্যেই তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন। পরবর্তীতে বিষয়টির নিষ্পত্তি হওয়ায় তাকে পুনরায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



































