বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

‘আপনাদের ভালোবাসা ও দোয়া গভীরভাবে আমাদের নাড়া দিয়েছে’


Tareque Rahman

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। এ সময়ে দেশজুড়ে ও বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া তাঁদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, এই তিন দিনে তাঁরা আরও গভীরভাবে উপলব্ধি করেছেন- খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেক ক্ষেত্রে সেই তাৎপর্য ছিল অত্যন্ত গভীর ও অর্থবহ, যা পরিবারও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি।

তারেক রহমান বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীনতার প্রতীক এবং নিজ বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকার এক অটল প্রেরণা। এই প্রেরণা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অসংখ্য মানুষকে স্পর্শ করেছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশীদারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সহমর্মিতা ও সংহতি তাঁদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করেছে।

তারেক রহমান আরও বলেন, জানাজায় বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার চিঠি ও বার্তা, শোক বইয়ে লেখা অনুভূতি, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগী প্রকাশ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতি- সবকিছুই ছিল অভূতপূর্ব সম্মাননার বহিঃপ্রকাশ।

তিনি সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, মায়ের শেষ বিদায়ে তাঁদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

শোকের দিনগুলো যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য যারা ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছে।

এ ছাড়া, নীরবে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুরো প্রক্রিয়াকে সফল করতে সহায়তাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি বলেন, পর্দার আড়ালে বা জনসম্মুখের বাইরে থেকে দায়িত্ব পালনকারী সবার অবদান পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশের জনগণের প্রতিও গভীর অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের একত্রিত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য তাঁদের পরিবার কখনো ভুলবে না। এই ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগের প্রতিফলন।

সবশেষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকা সবার প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, এই ভালোবাসা ও সংহতিই তাঁদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে, যা আগামীর বাংলাদেশে কৃতজ্ঞতার সঙ্গে বহন করা হবে।