
বন্দি নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মাদুরো বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজে তাদের হেফাজতে আছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর একটি ছবি প্রকাশ করেন।
বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর পোস্ট করা ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, “ইউএসএস ইউ জিমায় নিকোলাস মাদুরো।” প্রকাশিত ছবিতে দেখা যায়, মাদুরোর চোখ কালো মাস্কে ঢাকা, কানে হেডফোন, হাতে হাতকড়া। তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত ছিলেন।
ইউএসএস ইউ জিমা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই জাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
এদিকে, মাদুরোকে আটকের পুরো অভিযান নিজে প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে তিনি সরাসরি অভিযান পর্যবেক্ষণ করেন। সে সময় তার সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ট্রাম্পের ভাষায়, এটি ছিল অত্যন্ত জটিল ও উচ্চঝুঁকির একটি অভিযান। তিনি আরও দাবি করেন, অভিযানের প্রায় এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল।





































