
মাহদী আমিন। ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা।
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন।
এর আগে গুলশানের ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
উল্লেখ্য, সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব এবং মো. ইসমাইল জবিউল্লাহকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।















































