রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ জানুয়ারি ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান


tarek

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৯ বছর পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি দিয়েই তার রাজনৈতিক সফরের সূচনা হতে যাচ্ছে। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন বলে জানা গেছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

রংপুর যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করারও কথা রয়েছে তারেক রহমানের।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। প্রায় ১৯ বছর ১৮ দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ জন্মভূমি বগুড়ায় আসছেন। তিনি ১১ জানুয়ারি রাতে বগুড়ায় অবস্থান করবেন এবং পরদিন গণদোয়ায় অংশ নেবেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব কালবেলাকে জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান শিবগঞ্জের মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা পর্যন্ত বিদায় জানাবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

জেলা প্রশাসক জানান, যাচাই-বাছাইয়ে তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। সে কারণে তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।