
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।
এদিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন শাহবাজ শরিফ। সেখানে খালেদা জিয়ার স্মরণে খোলা শোকবইয়ে তিনি স্বাক্ষর করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান সরকার ও জনগণ গভীর শোকের সঙ্গে তার অবদান স্মরণ করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই শ্রদ্ধা প্রদর্শনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরদিন তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।





































