রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৬ জানুয়ারি ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার

গ্রিনল্যান্ড দখল ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ডেনমার্ক


denmark

ডেনমার্কের প্রধানমন্ত্রী সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে তা আট দশকের ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সম্পর্ক ধ্বংস করবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আর্কটিকের খনিজসমৃদ্ধ এ অঞ্চলকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে এমন আকাঙ্ক্ষা ডেনমার্কের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্বায়ত্তশাসিত এই অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ। এছাড়া মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করায় এটি নতুন নৌপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন এবং ডেনমার্ক এটি রক্ষা করতে পারবে না।’

এর জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পকে এসব থেকে দূরে থাকার আহ্বান জানান।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু ইউরোপীয় দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। তারা ন্যাটো মিত্র ডেনমার্ককে হুমকি দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

কোপেনহেগেনে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন টিভি-টু নেটওয়ার্ককে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তবে ন্যাটোসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে।’

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র চলাচলের সংক্ষিপ্ততম পথে গ্রিনল্যান্ডের অবস্থান। সেখানে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে।

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকায় ট্রাম্প রোববার কৌতুক করে বলেন, ‘আমরা প্রায় দুই মাস পর গ্রিনল্যান্ড নিয়ে ভাবব।’

এর প্রতিক্রিয়ায় নিলসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘অনেক হয়েছে। আর চাপ দেবেন না, আর কোনো ইঙ্গিত বা দখলের কল্পনা করবেন না।’