
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় আরও তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে দলটি। তাদের বিভিন্ন পদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা তদারকির জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।









































