
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জিততেই হবে, নইলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের উদ্যোগ নেবে। মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হলে তার বিরুদ্ধে অভিশংসনের অজুহাত খুঁজে পাবে ডেমোক্র্যাটরা। তিনি রিপাবলিকানদের সতর্ক করে জানান, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি এবং সিনেটের ৩৩টি আসনে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে ফল বিপক্ষে গেলে ট্রাম্পের নীতিগত এজেন্ডা বাস্তবায়নে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে এবং কংগ্রেসীয় তদন্তের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে নির্বাচনের আগে রিপাবলিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তবে সম্মেলনে ট্রাম্প জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির মতো অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ইস্যুতে তেমন কথা বলেননি। বরং তিনি এসব সমস্যার দায় ডেমোক্র্যাটদের ওপর চাপান। দীর্ঘ বক্তব্যে তিনি রিপাবলিকানদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তার দল ইতিহাস গড়বে।
প্রসঙ্গত, অতীতে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টরা মধ্যবর্তী নির্বাচনে আসন হারিয়েছেন। এমন বাস্তবতায় ট্রাম্প রিপাবলিকানদের সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যখাতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।





































