
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। বৈঠকে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং দেশ গঠনে দলের ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে চীন কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি জানান, চীনা পক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
এ ছাড়া বৈঠকে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের পক্ষ থেকে পুনরায় শোক প্রকাশ করা হয়। হুমায়ুন কবির জানান, চীনা রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে শোকবার্তা জানান এবং খালেদা জিয়ার ইন্তেকালের দিনই চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে শোক প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন।









































