সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার

নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা


touhid Hossen

ভারতে নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলে বাংলাদেশ দল খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

বাংলাদেশি ক্রিকেটারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে একটি পুরো দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যাবে? এই পরিস্থিতিতে বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে চায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে বিসিবি। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।