সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ জানুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ


Visa-India

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকেও ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়।

বুধবার থেকে এসব ডেপুটি হাইকমিশনে পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে শুধু গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকেই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে।

যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বুধবার থেকেই পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতের চারটি ভিসা কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। এ সময় ঢাকার ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।

এরপর কয়েকদিনের জন্য ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত জানায়, মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।