রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
শেয়ার

রাতে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক


BNP

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

দলীয় এক সিনিয়র নেতার ভাষ্য অনুযায়ী, এটি কোনো নিয়মিত বা পূর্বনির্ধারিত বৈঠক নয়। আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটি গভীর শোকের মধ্য দিয়ে সময় পার করছে। তবে নতুন বছরের শুরু এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব পুনর্গঠনের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।