রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ জানুয়ারি ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার

অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ: হাসনাত আবদুল্লাহ


Hasnat-Abdullah

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে। যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করেছে, সেই ঋণখেলাপিদের ভবিষ্যৎ সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নিজের গ্রামবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁর কাছে কোনো অবৈধ বিত্ত-বৈভব বা প্রলোভন নেই। প্রয়াত ওসমান হাদির সততা ও আদর্শ অনুসরণ করেই তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা ও ন্যায়নিষ্ঠাই তাঁর রাজনীতির মূল ভিত্তি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন দুটি পক্ষ স্পষ্ট। এক পক্ষ সাধারণ মানুষের অধিকার, ইনসাফ ও দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষ জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে তিনি বলেন, সততার কারণেই হাদি ভাই আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক, সোহাগ চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।