বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ জানুয়ারি ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শেয়ার

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের


দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘ আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। কিন্তু আমরা আর ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। পতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।

অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবার তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সম্পাদকমণ্ডলীর উদ্দেশে বিএনপির মহাসচিব মন খুলে কথা বলার আহ্বান জানান। তারেক রহমানও যে তাদের সঙ্গে কথা বলতে উৎসুক, সে কথাও জানান মির্জা ফখরুল।

গতকাল (শুক্রবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।