
ফাইল ছবি
দক্ষিণ ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টাল উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর গালফ নিউজের।
ফিভোলক্স জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন হলেও এ ঘটনায় ফিলিপাইন দ্বীপপুঞ্জে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের প্রভাব দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে। সারাঙ্গানির মালুঙ্গন ও কিয়াম্বা, দক্ষিণ কোটাবাটোর টুপি ও করোনাডাল শহর এবং সুলতান কুদারাতের পালিমবাং এলাকায় কম্পন টের পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সম্ভাব্য আফটারশক এবং ছোটখাটো ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়।





































