
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৮ জন প্রার্থী। এতে দুই দিনে মোট ১০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে এসব সিদ্ধান্ত দেওয়া হয়।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে।
তিনি বলেন, এদিন সাতটি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন।
আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।
শনিবার নিষ্পত্তি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫২টি আবেদন মঞ্জুর করে ইসি। এর মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর ও তিনজনের আবেদন বিবেচনাধীন রাখা হয়।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।
২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।



































