সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জানুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা


Bangladeshi-UAE

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাস সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় ইউএইতে কিছু কর্মসূচি পালনের কারণে দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার ও বিচার করা হয়। পরে তারা দণ্ডিত হন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিত বাংলাদেশিদের মানবিক বিবেচনায় ক্ষমা করার জন্য ইউএই সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।

ইউএই দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্ষমা প্রদানের উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি বাংলাদেশ ও ইউএইর মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।

এর আগেও ইউএইতে বিরল কিছু প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছে। এসব উদ্যোগকে দেশটির মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে।