বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১২ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

রংপুরের হ্যাটট্রিক হার, হতাশ কোচ মিকি আর্থার


rangpur

ছবি: সংগৃহীত

এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখল রংপুর রাইডার্স। হ্যাটট্রিক জয়ের পর এবার হ্যাটট্রিক হার দেখল তারা। টানা ৩ ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলের ৪ নম্বরে নেমে গেছে দলটি।

আজ সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল।

ক্রিকেটাররা পরস্থিতি অনুযায়ী খেলতে না পারায় প্রচণ্ড হতাশ রংপুরের হেড কোচ মিকি আর্থার। একই সঙ্গে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় মর্মাহত এই অস্ট্রেলিয়ান কোচ।

রংপুরের হেড কোচ মিকি আর্থার ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে বলেন, “আমরা মাঠে যথেষ্ট ভালো খেলিনি। ক্রিকেটারদের বেসিক স্কিল এবং পরিস্থিতি অনুযায়ী খেলা না পারা সবচেয়ে বেশি হতাশ করেছে। তবে আমাদের কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে। তাদের সেরা ফর্মে ফিরিয়ে আনা আমার দায়িত্ব।”

আর্থার আরও উল্লেখ করেন, ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না। “উপরের সারির প্রথম তিন বা চারজন ব্যাটারের লম্বা ইনিংস করা জরুরি। স্কোরের সঙ্গে দুইটি উইকেট সংরক্ষণ করা উচিত। একজন খেলোয়াড় একবার সেট হয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারা উচিত। কিন্তু এখন কেউ সেটা করতে পারেনি। এটাই আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক,” তিনি যোগ করেন।

টানা তিন ম্যাচ হারের ফলে রংপুরের আত্মবিশ্বাসে ক্ষতি হয়েছে বলে মনে করছেন কোচ আর্থার। তিনি বলেন, “আত্মবিশ্বাসই খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েকটি ম্যাচ হারার পর চাপের মুখে জেতার পথ খুঁজে বের করা এখন জরুরি। আমরা সেটা করতে পারিনি, যা হতাশাজনক।”