
ফাইল ছবি
দেশব্যাপী দিন ও রাতের তাপমাত্রা কমার পাশাপাশি তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও জোরালো হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, একই সময়ে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে উত্তরাঞ্চলের মানুষের শীতজনিত দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







































