
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখার মাধ্যমে সব ধরনের ‘ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়ানো হচ্ছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন সম্পর্ক ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কি না।
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘প্রথমত, বাংলাদেশের সরকারকে বোঝা গুরুত্বপূর্ণ। এটি অন্তর্বর্তী সরকার হলে তাদের পদক্ষেপ কি দীর্ঘমেয়াদি, নাকি অল্পমেয়াদি তা মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে তিন বাহিনীর সব চ্যানেল খোলা রয়েছে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, প্রতিনিধি দল মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি এড়ানো। এই মুহূর্তে ভারতীয় পদক্ষেপগুলো কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে নয়। সক্ষমতা উন্নয়ন চলমান প্রক্রিয়া, যা অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’



































